‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দীর্ঘমেয়াদি অংশীদার হয়ে উঠবে যুক্তরাষ্ট্র : প্রধানমন্ত্রীর প্রত্যাশা

  বিশেষ প্রতিনিধি    28-05-2024    161
‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দীর্ঘমেয়াদি অংশীদার হয়ে উঠবে যুক্তরাষ্ট্র : প্রধানমন্ত্রীর প্রত্যাশা

দেশ পত্রিকা ডেস্কঃ ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি ‘উন্নত ও স্মার্ট’ দেশে পরিণত করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে একটি “উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট” বাংলাদেশের আমাদের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।’ প্রধানমন্ত্রী গতকাল সোমবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে তাদের উদ্দেশে ভাষণে এ কথা বলেন। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি নীতিগত সুবিধা দিচ্ছে বলেও জানান তিনি। তিনি ইউএসবিবিসির প্রতিনিধি দলটির উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ওষুধশিল্প, হালকা ও ভারী শিল্প, রাসায়নিক সার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সমুদ্রসম্পদ ও চিকিৎসা সরঞ্জামের মতো উচ্চ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানাই।’

সরকার প্রধান বলেন, ‘আমাদের ফোকাস এখন শুধু আঞ্চলিক নয়, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অংশীদারদের সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা।’

গত ১৫ বছরে বেশ কয়েকটি মেগা-অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কয়েকটির নাম বলতে গেলে, পদ্মা নদীর ওপর সেতু, ঢাকায় মেট্রোরেল, কর্ণফুলী নদীর তলদেশে টানেল, এক্সপ্রেসওয়ে, ঢাকায় একটি আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র ইত্যাদি।

আইনি ও আর্থিক অবকাঠামোও উন্নত করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলো আমাদের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক সংযোগ বাড়িয়েছে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। তিনি আরও বলেন, ‘এটি এখন ৩৫তম বৃহত্তম অর্থনীতি, যা ২০৩০ সালের মধ্যে ২৫তম হবে বলে অনুমান করা হয়েছে। এই বৃদ্ধি একটি প্রাণবন্ত বেসরকারি খাতের কারণে যেখানে মার্কিন ব্যবসায়ীদের একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক আর্থসামাজিক সূচকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পরিকল্পিত উন্নয়ন প্রচেষ্টার কারণে দারিদ্র্যের হার ২০০৫ সালে থাকা ৪১ শতাংশ থেকে ২০২২ সালে ১৮ দশমিক ৭ শতাংশে এবং হতদরিদ্রের হার ৫ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। গত এক দশকে জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হয়েছে। আরও চমকপ্রদ তথ্য হলো প্রত্যাশিত গড় আয়ু যা ১৯৭১ সালে স্বাধীনতার পর ছিল ৪৬ দশমিক ৬ বছর তা বর্তমানে বেড়ে ৭৩ দশমিক ৪ বছরে উন্নীত হয়েছে। ‘এখন প্রায় সব শিশু প্রাথমিক বিদ্যালয় শেষ করছে। উল্লেখযোগ্যভাবে নারী সাক্ষরতার হার ৭৩ দশমিক ২৫ শতাংশ; যা দক্ষিণ এশিয়ার গড় ৬৫ শতাংশের চেয়ে বেশি।’

সরকার প্রধান বলেন, বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা একটি ‘স্মার্ট জাতি’ হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছি। তাই বৈশ্বিক সহযোগিতা ও আমাদের রপ্তানি আরও বাড়াতে আপনাদের সমর্থন প্রত্যাশা করছি।’ এ ছাড়া সুশাসন, আইনের শাসন, স্থিতিশীলতা, গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন ও আইসিটি খাতের অগ্রগতির কারণে বাংলাদেশ বিশ্বব্যাপী ‘আর্থ-সামাজিক উন্নয়নের রোল মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগে নিবিড় সম্পৃক্ততার মাধ্যমে গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদার হিসেবে পরিণত হয়েছে স্বীকার করে সরকারপ্রধান বলেন, ‘দুই দেশের জনগণের জন্য পারস্পরিক সুবিধা ও সমৃদ্ধি অর্জন করাই আমাদের লক্ষ্য। ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিই এর প্রমাণ।’ যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশি পণ্য রপ্তানির বৃহত্তম গন্তব্য, বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস এবং জ্ঞান ও প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস বলেও মন্তব্য করেন তিনি। // বাসস

জাতীয়-এর আরও খবর