গণতন্ত্র ও নির্বাচন বর্তমানে সোনার হরিণ: আবদুস সালাম

  বিশেষ প্রতিনিধি    27-04-2025    79
গণতন্ত্র ও নির্বাচন বর্তমানে সোনার হরিণ: আবদুস সালাম

দেশে গণতন্ত্র ও নির্বাচন এখন সোনার হরিণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য আজ দেশের সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে এক অনিবার্য আন্দোলনের আবশ্যকতা সৃষ্টি হয়েছে। জনগণ চায় একটি সংস্কারকৃত রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন। তিনি দাবি করেন, বিএনপি যে ধরনের সংস্কার করেছে, তা অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি।

গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে জিয়া মঞ্চ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজনীতি করেছে, এবং ভবিষ্যতেও এই লক্ষ্যেই এগিয়ে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আমরা আইনের শাসন চাই, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চাই এবং এমন ব্যবস্থা চাই যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে।

ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেন আবদুস সালাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন আয়োজন করা জরুরি এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে ফ্যাসিস্টদের কথায় দেশের ভবিষ্যত নির্ধারিত হবে না; এ দেশ চলবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে।

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, গবেষণাবিষয়ক সহসম্পাদক শামীমুজ্জামান শামীম, ফরিদপুর বিভাগ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ জিয়া মঞ্চের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়-এর আরও খবর