২০২৭ থেকে কানাডার ১৪ কমিউনিটিতে স্থায়ী বসবাসের সুযোগ

৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা করার লক্ষ্যমাত্রা

  বিশেষ প্রতিনিধি    12-11-2026    110
২০২৭ থেকে কানাডার ১৪ কমিউনিটিতে স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। দেশটির গ্রামীণ ও ছোট শহরভিত্তিক অভিবাসন কর্মসূচি ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট’ (আরসিআইপি) পরীক্ষামূলক পর্যায় থেকে স্থায়ী কর্মসূচিতে রূপ নিচ্ছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি) নামে এটি কার্যকর হবে। এর মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণ করতে চায় কানাডা সরকার।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন কর্মসূচির আওতায় ছোট শহর ও গ্রামীণ এলাকার অনুমোদিত নিয়োগকর্তারা তাঁদের প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগ করতে পারবেন। যোগ্য বিদেশি কর্মীরাও এসব এলাকায় চাকরির প্রস্তাব পেলে স্থায়ী বসবাসের (পিআর) জন্য আবেদন করতে পারবেন।

প্রাথমিকভাবে আগের পাইলট কর্মসূচিতে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে স্থায়ী কর্মসূচির আওতায় রাখা হচ্ছে। এগুলো হলো—নোভা স্কশিয়ার পিকটু কাউন্টি; অন্টারিওর নর্থ বে, সুদবেরি, টিমিনস, সল্ট স্টি মেরি ও থান্ডার বে; ম্যানিটোবার স্টেইনবাখ, আলটোনা/রাইনল্যান্ড ও ব্র্যান্ডন; সাসকাচুয়ানের মুজ জ; আলবার্টার ক্লেয়ারশোলম; এবং ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড।

আবেদনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন

এই কর্মসূচিতে আবেদন করতে হলে প্রথমেই তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র বা কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে পেশার ধরন অনুযায়ী ভিন্নতা রয়েছে। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির (টিইইআর ০ ও ১) জন্য সিএলবি ৬, টিইইআর ২ ও ৩-এর জন্য সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর জন্য সিএলবি ৪ পর্যায়ের ভাষাগত দক্ষতা প্রয়োজন। বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে ছাড় রয়েছে।

আবেদনের প্রক্রিয়া

প্রথমে আবেদনকারীকে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। এরপর সংশ্লিষ্ট কমিউটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে। নিয়োগকর্তা আবেদনকারীর জন্য কমিউনিটির সুপারিশ চাইবেন। কমিউনিটির অনুমোদন পাওয়ার পর আবেদনকারী আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে পারবেন। তবে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে এবং চাকরিটি স্থানীয় অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে।

২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা করার লক্ষ্য

কানাডার ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী দুই বছরে এ সংখ্যা বাড়িয়ে ২০২৮ সালে ৬ হাজার এবং ২০২৯ সালে ৬ হাজার ৫০০ জন করার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, বড় শহরের বাইরে ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলেও দক্ষ কর্মীদের বসবাস নিশ্চিত করা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা।

আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (আরএনআইপি) কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০-এর বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন। অন্যদিকে, বর্তমান আরসিআইপি পাইলট কর্মসূচিতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তা অনুমোদিত হয়েছেন এবং ৪ হাজার ৭০০-এর বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে।

পুরোনো কর্মসূচির আবেদনকারীদের জন্য কী হবে?

বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে এর আওতায় আগে জমা দেওয়া স্থায়ী বসবাসের আবেদনগুলোর প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে। যাঁদের কমিউনিটি সুপারিশপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, তাঁদের সেটির মেয়াদ শেষ হওয়ার আগে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।

কানাডা সরকারের এ উদ্যোগকে গ্রামীণ অঞ্চলের শ্রমবাজারে কর্মীসংকট মোকাবিলা এবং অভিবাসীদের জন্য বড় শহরের বাইরে নতুন বসতি গড়ে তোলার দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির তালিকা ও অভিবাসনের শর্তগুলো ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জাতীয়-এর আরও খবর