ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার ঘুষ নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     11-11-2026    7
ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার ঘুষ নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঠিকাদারের কাজের গুণগত মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর তাঁর লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেন, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। সিনিয়র সচিব একদিন আমাকে বললেন, একজন ইঞ্জিনিয়ারের তো ঘুষ খাওয়ার প্রয়োজন নেই। কাজের গুণগত মান ঠিক করে নেওয়ার পর ঠিকাদারের প্রফিট কাজের মধ্যেই ধরা থাকে।’ তিনি আরও বলেন, ‘কীভাবে ঠিকাদারের কাজটা দ্রুত বুঝে নিয়ে দ্রুত বিল-টিল দেওয়ার পরে ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেন, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। সেই জায়গাগুলোতে আমাদের নতুন করে চিন্তা করার সময় এসেছে।’

তবে কাজের গুণগত মানের সঙ্গে আপস করে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়ে সতর্ক করেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘এই জায়গাতে যাওয়া যাবে না যে, ঠিক আছে, আপনি কাজের গুণগত মান খারাপ করেন, এখানে ১০ লাখ টাকা সাশ্রয় করেন, আপনার ৫ লাখ, আমার ৫ লাখ। এই জায়গাগুলোতে যাওয়া যাবে না।’ নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা যেন অনৈতিক সুবিধা নেওয়ার পথে না যান। তাঁর ভাষ্য অনুযায়ী, কাজের মান ঠিক রেখে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়টি নতুন করে চিন্তা করার সময় এসেছে। তবে কাজের গুণগত মান খারাপ করে অর্থ সাশ্রয় এবং সেই অর্থ ঠিকাদার ও প্রকৌশলীর মধ্যে ভাগাভাগির কোনো সুযোগ নেই।

জাতীয়-এর আরও খবর