বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছেন: কর্নেল অলি

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     26-10-2026    34
বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছেন: কর্নেল অলি

বিএনপি ক্ষমতায় আসার পর প্রায় ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তাঁর অভিযোগ, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় কারখানা বন্ধ হচ্ছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা নিয়ে সমালোচনা

কর্নেল অলি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মানুষের রাতে নিরাপদে ঘুমানো এবং রাস্তায় চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিচারব্যবস্থা নিয়ে সমালোচনা করে এলডিপি চেয়ারম্যান বলেন, মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। তাঁর অভিযোগ, সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিচার পেলেও অন্যরা বঞ্চিত হচ্ছেন। নিজের ছেলের পুনর্গণনাসংক্রান্ত একটি মামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত পেতে এক বছর অপেক্ষা করতে হচ্ছে। অথচ প্রয়োজনীয় যুক্তি ও নথিপত্র যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

ব্যাংকিং খাত ও বিনিয়োগ প্রসঙ্গ

ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে কর্নেল অলি বলেন, অনেক ব্যাংক সংকটের মুখে রয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে যেসব ব্যাংকমালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাঁদের ব্যাংক পরিচালনার সুযোগ ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দেন তিনি। তাঁর মতে, এতে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে গতি ফিরবে।

প্রবাসীদের সমস্যা সমাধানের আহ্বান

বিদেশে কর্মরত বাংলাদেশিদের সমস্যার কথা তুলে ধরে এলডিপি চেয়ারম্যান বলেন, অনেক প্রবাসী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নতুন ভিসা ও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেও অনুমতি পাচ্ছেন না। এ ক্ষেত্রে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে বলে দাবি করেন তিনি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের সমস্যা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

প্রবাসীদের সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে কর্নেল অলি বলেন, প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দেশে গিয়ে প্রবাসীদের সমস্যার কথা শুনে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি রাষ্ট্রদূতদেরও সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশিদের সমস্যা সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তারেক রহমানকে উদ্দেশ করে বক্তব্য

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কর্নেল অলি বলেন, তাঁর আশপাশে থাকা অনেকের সঠিক পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞতা ও যোগ্যতা নেই। তাঁদের ভুল পরামর্শে তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলেও মন্তব্য করেন এলডিপি চেয়ারম্যান। তাঁর ভাষায়, তারেক রহমানের শত্রু বিরোধী দল নয়, বরং তাঁর আশপাশের ভুল পরামর্শদাতারা।

সব ধর্মের মানুষের অধিকার রক্ষার আহ্বান

দুর্গাপূজার সময় কয়েকজন নেতার বক্তব্যের সমালোচনা করে কর্নেল অলি বলেন, এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা। মন্ত্রিসভার সদস্যদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের অনেক মানুষের খাদ্য ও জীবনযাপনের সংকট রয়েছে। এসব সমস্যাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক বিরোধ বাড়ানোর পরিবর্তে প্রধানমন্ত্রীকে জনগণের দুর্ভোগ লাঘবে মনোযোগ দিতে হবে।

জাতীয়-এর আরও খবর