আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

  বিশেষ প্রতিনিধি    24-10-2026    50
আসিফ আকবরের গাড়িতে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানিয়েছেন, এ ঘটনায় কারা জড়িত এবং এর পেছনের কারণ কী, তা উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়ির ভেতরে আসিফ আকবর ছিলেন না। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এর আগে শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

জাতীয়-এর আরও খবর