সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহার করতে না দেওয়ার দাবি জুবায়ের অনুসারীদের

  বিশেষ প্রতিনিধি    24-10-2026    45
সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহার করতে না দেওয়ার দাবি জুবায়ের অনুসারীদের

২০২৭ সালের ৮-১০ ও ১৫-১৭ জানুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের ঘোষণা

তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান আর ব্যবহার করতে না দেওয়ার দাবি জানিয়েছেন সুরায়ে নেজাম বা জুবায়েরপন্থি অনুসারীরা। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত ঘটনায় সাদপন্থিদের বিরুদ্ধে দায়ের করা দুটি হত্যা মামলার দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান। এ সময় সংগঠনটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

দুটি দাবিতে আলটিমেটাম

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাদপন্থিরা টঙ্গীর ইজতেমা ময়দানে আর কোনো ইজতেমা বা তাবলিগি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। পাশাপাশি ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত ঘটনায় তাঁদের বিরুদ্ধে দায়ের করা দুটি হত্যা মামলার দ্রুত অভিযোগপত্র দিতে হবে। মামলা দুটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) অধীনে তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়।

দাবি দুটি পূরণ না হওয়া পর্যন্ত সাদপন্থিরা টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায়ও অংশ নিতে পারবেন না বলে আলটিমেটাম দিয়েছেন জুবায়েরপন্থি নেতারা।

২০২৭ সালের ইজতেমা দুই পর্বে

সংবাদ সম্মেলনে জানানো হয়, টঙ্গীর তুরাগ নদের তীরে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হলে বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর নিজ নিজ জেলায় কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাবলিগ জামাতের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয়-এর আরও খবর