শেখ হাসিনা’র পাসপোর্ট-এনআইডির চিঠি পাঠানো স্টিভেন পাওলস কেসি কে?

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     10-11-2026    22
শেখ হাসিনা’র পাসপোর্ট-এনআইডির চিঠি পাঠানো স্টিভেন পাওলস কেসি কে?

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানানো হয়। চিঠিটি পাঠিয়েছেন লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলস কেসি। তিনি নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে পরিচয় দিয়েছেন।

নামটি অবশ্য নতুন নয়। গত ১৫ মাসে অন্তত চারবার আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার পক্ষে আবেদন করেছেন তিনি। এসব উদ্যোগের মধ্যে রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে আবেদন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারপ্রক্রিয়া নিয়ে আপত্তি এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে অভিযোগ উত্থাপন।

কিন্তু কে এই আইনজীবী? কবে থেকে এবং কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করছেন? তাঁকে নিয়োগ দিয়েছেন কে? প্রকাশ্য নথি ও সংবাদমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করে এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।

কে এই স্টিভেন পাওলস কেসি?

স্টিভেন পাওলস যুক্তরাজ্যের একজন ব্যারিস্টার। ১৯৯৭ সালে তিনি বার-এ যোগ দেন এবং ২০১৯ সালে কিংস কাউন্সেল (কেসি) মর্যাদা লাভ করেন। আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ ও মানবাধিকার বিষয়ে তাঁর বিশেষজ্ঞতা রয়েছে।

বর্তমানে তিনি লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সে কর্মরত। এর আগে অন্তত ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত তিনি ডাউটি স্ট্রিট চেম্বার্সের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ও দেশীয় ফৌজদারি আইন, প্রত্যর্পণ, মানবাধিকার, নিষেধাজ্ঞা এবং আর্থিক অপরাধসংক্রান্ত বিষয়ে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।

পাওলস আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), সাবেক যুগোস্লাভিয়া-বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটিওয়াই) এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতে কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য রাজনৈতিক মক্কেলদের মধ্যে রয়েছেন লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি অ্যাগনেস রিভস-টেলর, কেনিয়ার সাবেক মন্ত্রী হেনরি কসগে এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি।

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসের অ্যাটর্নি জেনারেলের পক্ষে দুর্নীতি ও অর্থ পাচারসংক্রান্ত মামলায় প্রসিকিউশনের কাজ করেছেন তিনি। এ ছাড়া হারিরি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘ কমিশনের পরামর্শক ছিলেন এবং ‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল প্র্যাকটিস’ বইয়ের সহলেখক।

তাঁর পেশাগত প্রোফাইলে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজের উল্লেখ নেই। দক্ষিণ এশিয়াসংশ্লিষ্ট একমাত্র উল্লেখযোগ্য মামলা হিসেবে রয়েছে ভারতের একটি প্রত্যর্পণ মামলা—‘চাওলা বনাম ভারত সরকার’। সাবেক রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষে আন্তর্জাতিক ফোরামে কাজ করা তাঁর পেশাগত অভিজ্ঞতার অংশ।

হাসিনার পক্ষে কবে থেকে, কী কী করেছেন?

প্রকাশ্য নথি অনুযায়ী, শেখ হাসিনার পক্ষে পাওলসের কাজ শুরু হয় ২০২৫ সালের আগস্টে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রায় তিন মাস পর। এখন পর্যন্ত তাঁর সংশ্লিষ্টতায় পাঁচটি উদ্যোগের তথ্য পাওয়া গেছে।

৮ আগস্ট ২০২৫

আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত শেখ হাসিনার পক্ষে দলটি নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ র‍্যাপোর্টিয়ারদের কাছে জরুরি আবেদন করেন পাওলস। আবেদনটি ডাউটি স্ট্রিট চেম্বার্সের মাধ্যমে করা হয়। এ কাজে তাঁর সঙ্গে আইনজীবী অ্যালেক্স টিনসলিও ছিলেন।

১০ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার পরিচালনার ন্যায্যতা নিয়ে বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের কাছে জরুরি আবেদন করা হয়। এবারও ডাউটি স্ট্রিট চেম্বার্স থেকে পাওলসের সঙ্গে ছিলেন তাতিয়ানা ইটওয়েল।

২৮ সেপ্টেম্বর ২০২৬

জেনেভায় আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নে (আইপিইউ) বিচারপ্রক্রিয়া, মৃত্যুদণ্ড, রাজনৈতিক দল নিষিদ্ধকরণ এবং শতাধিক সাবেক সংসদ সদস্যের আটক নিয়ে অভিযোগ উত্থাপন করেন পাওলস। এবার তিনি ডাউটি স্ট্রিটের পরিবর্তে ম্যাট্রিক্স চেম্বার্সের পরিচয়ে একাই আবেদন করেন।

২৭ অক্টোবর ২০২৬

জাতিসংঘের দুই বিশেষ র‍্যাপোর্টিয়ার ও একজন স্বাধীন বিশেষজ্ঞের কাছে বিএনপি সরকার কর্তৃক নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন তিনি। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচন নিয়েও প্রশ্ন তোলা হয়। এবারও ম্যাট্রিক্স চেম্বার্সের পরিচয়ে একাই আবেদন করেন পাওলস।

৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠান এই আইনজীবী।

প্রথম দুটি আবেদন করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের আগে। ১০ নভেম্বর ২০২৫-এর আবেদনে বলা হয়েছিল, এ ধরনের বিচারপ্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হলে তা জীবনের অধিকারের লঙ্ঘন হবে। এর সাত দিন পর, ১৭ নভেম্বর ২০২৫, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী তিনটি উদ্যোগ নেওয়া হয় ওই রায়ের পর।

ডাউটি স্ট্রিট থেকে ম্যাট্রিক্স: চেম্বার্স বদলালেও মক্কেল একই

২০২৫ সালের দুটি আবেদন প্রকাশিত হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে। অন্যদিকে, ২০২৬ সালের দুটি আবেদন প্রকাশিত হয়েছে ম্যাট্রিক্স চেম্বার্সের ওয়েবসাইটে। দুই ক্ষেত্রেই মূল আইনজীবী পাওলস। আবেদনগুলোর যুক্তিতেও মিল রয়েছে। সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও বিচারপ্রক্রিয়াকে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের (আইসিসিপিআর) ১৯, ২১, ২২ ও ২৫ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর ব্যাখ্যা রয়েছে যুক্তরাজ্যের ব্যারিস্টারদের পেশাগত কাঠামোয়। সেখানে চেম্বার্স কোনো ল ফার্ম নয়; বরং স্বনিয়োজিত ব্যারিস্টারদের একটি সমষ্টি, যাঁরা অফিস ও প্রশাসনিক ব্যয় ভাগাভাগি করেন। সাধারণত মক্কেলের সঙ্গে পেশাগত সম্পর্ক থাকে নির্দিষ্ট ব্যারিস্টারের। ফলে কোনো ব্যারিস্টার চেম্বার্স পরিবর্তন করলেও তাঁর মক্কেল সাধারণত তাঁর সঙ্গেই থাকেন।

পাওলস ঠিক কবে ডাউটি স্ট্রিট ছেড়ে ম্যাট্রিক্সে যোগ দিয়েছেন, সে বিষয়ে প্রকাশ্য কোনো ঘোষণা পাওয়া যায়নি। সময়টি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে। ২০২৫ সালের আবেদনগুলোতে তাঁর সঙ্গে ডাউটি স্ট্রিটের অ্যালেক্স টিনসলি ও তাতিয়ানা ইটওয়েলের নাম ছিল। অন্যদিকে, ২০২৬ সালের ম্যাট্রিক্স চেম্বার্সের নথিতে পাওলস ছাড়া অন্য কোনো আইনজীবীর নাম পাওয়া যায়নি।

অর্থাৎ, আওয়ামী লীগ বা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কটি ম্যাট্রিক্স চেম্বার্সের প্রাতিষ্ঠানিক সম্পর্ক—এমন প্রমাণ নেই। বরং প্রকাশ্য নথি অনুযায়ী, সম্পর্কটি মূলত ব্যারিস্টার পাওলসের সঙ্গে তাঁর মক্কেলের।

ম্যাট্রিক্স চেম্বার্স কী ধরনের প্রতিষ্ঠান?

ম্যাট্রিক্স চেম্বার্স ২০০০ সালে লন্ডনে প্রতিষ্ঠিত একটি ব্যারিস্টার চেম্বার্স। লন্ডনের গ্রেজ ইন ছাড়াও জেনেভা ও ব্রাসেলসে এর কার্যালয় রয়েছে। যুক্তরাজ্যের অন্যান্য ব্যারিস্টার চেম্বার্সের মতো এখানকার সদস্যরাও স্বনিয়োজিত এবং বার স্ট্যান্ডার্ডস বোর্ডের নিয়ন্ত্রণাধীন।

মানবাধিকার, সাংবিধানিক ও জনআইন, ফৌজদারি আইন এবং প্রত্যর্পণসংক্রান্ত বিষয়ে যুক্তরাজ্যের পরিচিত চেম্বার্সগুলোর একটি এটি। এর প্রতিষ্ঠাতা ও সাবেক সদস্যদের মধ্যে রয়েছেন চেরি ব্লেয়ার, রবিন্দর সিং ও বেন এমারসন। চেরি ব্লেয়ার ২০১৪ সালে চেম্বার্সটি ছেড়ে যান। যুক্তরাজ্যের সাবেক অ্যাটর্নি জেনারেল লর্ড হারমারও একসময় এর সদস্য ছিলেন।

শেখ হাসিনার মামলার বাইরে চেম্বার্সের ওয়েবসাইটে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি মামলা পাওয়া যায়—‘বেগম বনাম মারান’। চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রীর করা মামলা এটি। তবে মামলাটি রাজনৈতিক নয়।

অন্যদিকে, ২০১০ সালের পর থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধ বিচারে ম্যাট্রিক্স চেম্বার্সের কোনো সদস্য কোনো পক্ষের হয়ে কাজ করেছেন—এমন প্রকাশ্য তথ্য পাওয়া যায়নি।

৯ নভেম্বরের চিঠিতে কী আছে?

দেশের বিভিন্ন গণমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো চিঠির মূল বিষয়গুলো হলো—

প্রেরক: স্টিভেন পাওলস কেসি, ম্যাট্রিক্স চেম্বার্স। চিঠিতে তিনি নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন।

প্রাপক: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান।

মাধ্যম: ই-মেইল। হাইকমিশন চিঠিটি পাওয়ার কথা নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

অনুরোধ: অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে উল্লেখ করে নতুন করে এসব নথি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

যুক্তি: বাংলাদেশের নাগরিকত্ব, দেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতার বিষয় তুলে ধরা হয়েছে।

প্রক্রিয়া: আবেদনটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে জানাতে বলা হয়েছে।

এপি প্রাথমিকভাবে জানিয়েছিল, চিঠিটি লন্ডনে বাংলাদেশের শীর্ষ কূটনীতিকের কাছে পাঠানো হয়েছে। তবে দিল্লির বাংলাদেশ হাইকমিশন ই-মেইল পাওয়ার কথা নিশ্চিত করায় রয়টার্সের প্রতিবেদনে উল্লিখিত প্রাপকের তথ্যই সমর্থন পেয়েছে।

কে নিয়োগ দিয়েছেন, কে অর্থ দিচ্ছেন?

প্রকাশ্য কোনো নথিতে এ প্রশ্নগুলোর নিশ্চিত উত্তর পাওয়া যায়নি।

নিয়োগদাতা সলিসিটর: যুক্তরাজ্যে সাধারণত কোনো সলিসিটর ফার্ম ব্যারিস্টারকে মক্কেলের পক্ষে নিয়োগ দেয়। তবে কিছু ক্ষেত্রে সরাসরি নিয়োগের সুযোগও রয়েছে। ডাউটি স্ট্রিট বা ম্যাট্রিক্স চেম্বার্সের প্রকাশিত কোনো নথিতে সংশ্লিষ্ট সলিসিটর বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই।

অর্থায়ন: পাওলসের আইনগত সেবার জন্য কে অর্থ দিচ্ছেন, কত ফি নির্ধারণ হয়েছে বা অর্থের উৎস কী—এসব বিষয়ে কোনো নথি বা সংবাদে তথ্য পাওয়া যায়নি।

হাইকমিশনের বক্তব্য: দিল্লি হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পাওলসকে শেখ হাসিনা নিজে নিয়োগ দিয়েছেন, নাকি আওয়ামী লীগ নিয়োগ করেছে, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। শেখ হাসিনা বা তাঁর নিকটাত্মীয়ের স্বাক্ষরিত অনুমোদনপত্র পাওয়া গেলে বিষয়টি বিবেচনা করা হবে। শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করলেও চিঠি কেন লন্ডন থেকে পাঠানো হয়েছে, সে প্রশ্নও তুলেছেন ওই কর্মকর্তা।

অনুমোদনের প্রমাণ: কূটনৈতিক সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার কোনো অনুমোদনপত্র সংযুক্ত ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, অনুরোধটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

২০২৫ সালে ডাউটি স্ট্রিট চেম্বার্সকে নিয়োগের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ মহলে আলোচনা ছিল বলে জানিয়েছিল ‘ঢাকা কুরিয়ার’। তবে অর্থের জোগানদাতা কে, সে বিষয়ে প্রতিবেদনটিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সংযোগ আছে কি?

দলীয় পদধারী বা নেতা-কর্মী: ম্যাট্রিক্স চেম্বার্সের সদস্যদের তালিকা, উইকিপিডিয়া ও সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদন পর্যালোচনায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী বা দলীয়ভাবে যুক্ত ব্যক্তির সঙ্গে পাওলসের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।

ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক: পাওলসের সঙ্গে আওয়ামী লীগ বা শেখ হাসিনা পরিবারের কোনো ব্যক্তিগত, পারিবারিক কিংবা রাজনৈতিক সম্পর্কের প্রকাশ্য তথ্য নেই। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁদের সম্পর্ক আইনজীবী ও মক্কেলের।

বাংলাদেশি আইনজীবী: শেখ হাসিনার পক্ষে প্রকাশিত নথিগুলোতে তিনজন আইনজীবীর নাম পাওয়া যায়—স্টিভেন পাওলস, অ্যালেক্স টিনসলি ও তাতিয়ানা ইটওয়েল। তাঁদের কারও বাংলাদেশি পরিচয় বা বাংলাদেশের সঙ্গে ব্যক্তিগত সংযোগের উল্লেখ নেই। শেষ দুজন ডাউটি স্ট্রিট চেম্বার্সের সদস্য।

মক্কেল হিসেবে কে?

প্রতিটি নথিতে মক্কেল হিসেবে শেখ হাসিনার নাম ব্যক্তিগতভাবে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের একটি নথিতে তাঁকে ‘আওয়ামী লীগের সভাপতি’ হিসেবে পরিচয় দেওয়া হলেও ম্যাট্রিক্স চেম্বার্সের নথিতে শুধু ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী’ বলা হয়েছে।

ম্যাট্রিক্স চেম্বার্সের শতাধিক সদস্যের প্রত্যেকের প্রোফাইল আলাদাভাবে পর্যালোচনা করা হয়নি। একইভাবে, শুধু নামের ভিত্তিতে কারও জাতিগত পরিচয় বা রাজনৈতিক আনুগত্য অনুমান করাও সংগত নয়।

সরকার ও সমালোচকেরা কী বলছেন?

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন এ অনুরোধকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে পাসপোর্টের মাধ্যমে নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অনুরোধটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এটিকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে মন্তব্য করেছেন।

বাংলাদেশের প্রচলিত ই-পাসপোর্ট প্রক্রিয়ায় আবেদনকারীকে নিজে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয়। এরপর দেশের পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়।

রয়টার্স ও এপির প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষে এ ধরনের কোনো আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কথা উল্লেখ নেই। ফলে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিকে আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন বলা যাচ্ছে না।

জাতীয়-এর আরও খবর