রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     16-11-2026    58
রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের বিষয়ে আগামীকাল মঙ্গলবার রায় দেবেন হাইকোর্ট।

সোমবার উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলোচিত এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার পক্ষে মত দেন।

গত ৭ জুন এ মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এর আগে ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন সোহেল, তাঁর স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। তদন্তকারীদের ভাষ্য, এরপর সোহেল শিশুটিকে গলা কেটে হত্যা করেন এবং অপরাধের আলামত গোপন করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন।

গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। তাঁর স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। অভিযোগপত্র দাখিলের কয়েক ঘণ্টা পর আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে মাত্র ১৯ দিনে মামলাটির বিচার শেষ হয়।

জাতীয়-এর আরও খবর