বৃষ্টিহীন ঢাকায় গরমের দাপট, আজও চড়া থাকবে দিন

  বিশেষ প্রতিনিধি    19-10-2025    108
বৃষ্টিহীন ঢাকায় গরমের দাপট, আজও চড়া থাকবে দিন

রাজধানী ঢাকায় কয়েকদিন ধরেই বৃষ্টিহীন আকাশে তীব্র রোদ ও গরমে নাজেহাল শহরবাসী। আজও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর আকাশে হালকা মেঘ থাকলেও গরমের দাপট কমার কোনো লক্ষণ নেই। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, যা রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে। রোববার (১৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাস বইবে উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, অর্থাৎ গরম কমার সম্ভাবনা খুব একটা নেই।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ফলে বাতাসে আর্দ্রতা থাকলেও গরমের অস্বস্তি আরও বেড়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যরা আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

জাতীয়-এর আরও খবর