মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর সিনেমাটিক হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫

  বিশেষ প্রতিনিধি    14-12-2025    96
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর সিনেমাটিক হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় সাংবাদিকদের ওপর বর্বর সিনেমাটিক হামলার ঘটনা ঘটেছে। রোববার (আজ) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মী–সমর্থক এই হামলা চালায়। এতে ক্যামেরা ভাঙচুর এবং পাঁচজন সাংবাদিক আহত হন।

প্রত্যক্ষদর্শী ও উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, সোহাগ নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী সংবাদ সংগ্রহের সময় ফুটেজ ধারণে বাধা সৃষ্টি করেন। সাংবাদিকরা সৌজন্য বজায় রেখে তাকে কিছুটা সরে দাঁড়ানোর অনুরোধ জানালে তিনি তা উপেক্ষা করে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে সোহাগ ও তার সঙ্গে থাকা কয়েকজন উশৃঙ্খল কর্মী ফটো সাংবাদিক ডালিমের ক্যামেরা ভেঙে ফেলেন।

হামলায় আহত হন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এবং মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম। তিনি জানান, হামলাকারীরা তার শার্ট ধরে টানাহেঁচড়া করে এবং ব্যবহৃত ডিভাইস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলার শিকার হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

হামলার প্রতিবাদ করতে গেলে সময়ের আলোর রিপোর্টার মাহবুব আলম শ্রাবণের ওপরও চড়াও হন সোহাগ। সজোরে আঘাতে তিনিও আহত হন। এছাড়া আহত হয়েছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান, বাংলা নিউজ ২৪ ডটকমের রিপোর্টার সাইমুম মুবিন পল্লব, ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহমুদ আল মামুন মারুফ এবং জাগো নিউজের ভিডিও জার্নালিস্ট শাহরিয়ার রাকিব।

ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা হাফিজ দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

এদিকে মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের সেক্রেটারি আক্তারুজ্জামান বলেন, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

জাতীয়-এর আরও খবর