সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, কার্যকর ১ জুলাই থেকে

  বিশেষ প্রতিনিধি    30-06-2026    103
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, কার্যকর ১ জুলাই থেকে

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। নতুন এই বাজেট আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের জন্য প্রস্তাব উপস্থাপন করলে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা অনুমোদন দেওয়া হয়।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয়-সংক্রান্ত ৫৯টি দাবি সংসদে উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব জমা দেন।

পরে উত্থাপিত ছাঁটাই প্রস্তাবগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে সেগুলোর নিষ্পত্তি করা হয়।

উল্লেখ্য, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন। সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষে-বিপক্ষে দীর্ঘ আলোচনার পর সেটি চূড়ান্তভাবে পাস হয়।

এর আগে গতকাল সোমবার জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থবিল পাস করা হয়। সংশোধিত অর্থবিলে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে।

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। অর্থবিল পাসের মধ্য দিয়ে কর ও শুল্কসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

জাতীয়-এর আরও খবর