‘রিফাইন্ড’ বা অন্য কোনো নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     30-06-2026    98
‘রিফাইন্ড’ বা অন্য কোনো নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ‘রিফাইন্ড’ হোক বা অন্য কোনো নামে হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ কিংবা অন্য যেকোনো নামে দলটির রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা যাবে না। এ ধরনের কোনো পুনর্বাসন পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন ডা. জাহেদ উর রহমান।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে দেশের গণমাধ্যমগুলো আইন ও প্রচলিত রীতিনীতি মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সরকার আশা করছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম যেন এ ধরনের প্রচার থেকে বিরত থাকে— সেই আহ্বান জানানো হবে।

সরকার খুব কঠোর কোনো অবস্থান নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এটি মূলত আইন ও নিয়মকানুনের বিষয় স্মরণ করিয়ে দেওয়া। পাশাপাশি গণমাধ্যমগুলো আইনের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাবে বলেও প্রত্যাশা করেন ডা. জাহেদ উর রহমান।

জাতীয়-এর আরও খবর