‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট প্রতি পিস ৫০ টাকা — ফেসবুক পোস্টে আলোচনায় উমামা ফাতেমা

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     02-07-2026    114
‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট প্রতি পিস ৫০ টাকা — ফেসবুক পোস্টে আলোচনায় উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ব্যতিক্রমী পোস্টের মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেছেন, “এক মাস পর থেকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা।”

বুধবার (১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে উমামা ফাতেমা লেখেন, “১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

শুধু সার্টিফিকেট দেওয়ার কথাই নয়, পোস্টে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সম্ভাব্য কিছু উপাধির কথাও উল্লেখ করেন। সেখানে তিনি লেখেন, “দারুণ সব টাইটেল হবে, লেটস সে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।” তার এই বক্তব্যকে অনেকে রাজনৈতিক বা সামাজিক বাস্তবতার প্রতি একটি কটাক্ষ হিসেবেও দেখছেন।

তবে পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি, ঠিক কাকে উদ্দেশ করে বা কোন নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেছেন। ফলে তার বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা জল্পনা ও ব্যাখ্যা।

উমামা ফাতেমার এই পোস্টের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে চলমান রাজনৈতিক পরিস্থিতি কিংবা নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কর্মকাণ্ডের প্রতি ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ পোস্টটির অন্তর্নিহিত বার্তা নিয়ে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পোস্টটি ইতোমধ্যেই বেশ আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। তবে উমামা ফাতেমা এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আর কোনো ব্যাখ্যা দেননি।

জাতীয়-এর আরও খবর