আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     06-07-2026    146
আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আরাকান আর্মির প্রধান চিকিৎসা নিচ্ছেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”

এ সময় মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মিয়ানমারের সামরিক বাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান জোরদার করায় সীমান্তবর্তী বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও রয়েছে।

সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্ত পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সীমান্তে নজরদারিও বাড়ানো হয়েছে।”

জাতীয়-এর আরও খবর