জিডিডিএফ-এর সভাপতি জাবি’র উপাচার্য ড. কামরুল আহসান ও সাধারণ সম্পাদক বশীর আহম্মেদ

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     23-07-2026    160
জিডিডিএফ-এর সভাপতি জাবি’র উপাচার্য ড. কামরুল আহসান ও সাধারণ সম্পাদক বশীর আহম্মেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গ্লোবাল ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (জিডিডিএফ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মতি প্রদান করেছেন। গণতান্ত্রিক চর্চা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণ জোরদারে কাজ করা এই জাতীয় প্ল্যাটফর্মের নেতৃত্বে তার যুক্ত হওয়াকে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জিডিডিএফ বাংলাদেশের নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫৮টি নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা এবং দেশের আটটি বিভাগজুড়ে কার্যরত ২৫৮টি তৃণমূল নাগরিক সমাজ সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জাতীয় প্ল্যাটফর্ম। সংগঠনটি দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার শিক্ষা, গণতান্ত্রিক অংশগ্রহণ, নাগরিক সচেতনতা, সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

জিডিডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের দীর্ঘ শিক্ষাজীবন, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার দৃঢ় অঙ্গীকার তাকে এই দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে উপযুক্ত করে তুলেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে তার অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং একাডেমিক পরিবেশ উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগও তিনি গ্রহণ করেছেন।

গত ২২ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে জিডিডিএফ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মতিপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জিডিডিএফ-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ বশীর আহাম্মেদ হাওলাদার, কোষাধ্যক্ষ মুহাম্মদ পারভেজ রেজা, সম্পাদক (মিডিয়া) মো. কামরুল হাসান, কার্যনির্বাহী সদস্য শারমিন নাছিমা বানু প্রমূখ।

সাক্ষাৎকালে জিডিডিএফ-এর নেতৃবৃন্দ সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। একই সঙ্গে দেশের নির্বাচনব্যবস্থা, নাগরিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

জিডিডিএফ এর সাধারণ সম্পাদক বশীর আহম্মেদ বলেন, ড. মোহাম্মদ কামরুল আহসানের শিক্ষা, প্রশাসনিক নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জিডিডিএফ-এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে সংগঠনটি জাতীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চা, সুশাসন, নির্বাচন পর্যবেক্ষণ এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর