শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক আরশাদ বরখাস্ত

  বিশেষ প্রতিনিধি    19-08-2024    114
শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক আরশাদ বরখাস্ত

শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরার এই ছবিটি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম। বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছেন। ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে রাস্তায় নামলে হয়রানির শিকার হন তিনি। নাহিদুল জানালেন, সেদিন শতাধিক মানুষের র‍্যালি নিয়ে এগোচ্ছিলেন তাঁরা। হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাঁদের পথরোধ করে। কয়েকজনকে আটকও করা হয়। শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ। তখনো স্লোগান দিচ্ছিলেন নাহিদুল। এ সময় দুজন পুলিশ সদস্য নাহিদুলকে টেনে নিয়ে যেতে থাকেন, গালাগাল করতে থাকেন। একজন পুলিশ নাহিদুলের মুখও চেপে ধরেন। মুখ চেপে ধরা ছবিটিই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে প্রতিবাদের ভাষা।

নাহিদুল বলেন, ‘আমি তাঁকে “স্যার” সম্বোধন করে বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম। কিন্তু তিনি কোনো কথাই শুনছিলেন না। বলছিলেন, “তোমাদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে। তোমাদের ওপর জামায়াতের প্রেতাত্মা ভর করেছে।” আমি বলেছি, “কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে ব্লেইম দিতে পারেন না।” একপর্যায়ে তিনি ভীষণ রেগে যান। বলেন, “একটা কথা বলবি না, কথা বললেই মেরে ফেলব।” তখনই আমার মুখ চেপে ধরেন।’

নাহিদুল অভিযোগ করেন, ধরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাঁকে কিল, ঘুষি, লাথি মারা হয়। পরে আইনজীবী মাহবুব উদ্দিনসহ কয়েকজন মানবাধিকারকর্মী শিক্ষার্থীদের আটকের প্রতিবাদ জানালে চাপের মুখে নাহিদুল ও অন্যদের ছেড়ে দেওয়া হয়। ঘণ্টাখানেক পুলিশের হেফাজতে ছিলেন তিনি।

এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জাতীয়-এর আরও খবর