⌚ সময়ের গল্প ⌛
তাশরিফ আফরোজ সিদ্দিকী
টঙ্গী কলেজ গেইট, গাজীপুর
সময় একদিন খুব ধীরে এসে বলল,
তুমি কি আমায় মনে রেখেছ?
আমি চুপ করে রইলাম
কারণ সময়কে মনে রাখার ফুরসত কই?
সে হেসে বলল,
আমি তো তোমার হাত ধরে হেঁটেছি
তোমার প্রথম কাঁদা, প্রথম হাঁটা,
প্রথম হারিয়ে ফেলা দিনের সাক্ষী আমি।
আমি তাকিয়ে দেখি,
সময় আমার আয়নায় দাঁড়িয়ে আছে
চুলের রঙ বদলে দিয়েছে
হাসির রেখায় রেখেছে ক্লান্তির ছাপ
কিন্তু চোখের ভেতর সেই পুরনো স্বপ্ন
যা একদিন ছোট্ট ছিল
আজও রয়ে গেছে অদ্ভুতভাবে অটুট।
সময় বলল,
আমি বদলে গেছি,
তুমিও কিন্তু স্মৃতিগুলো এখনও আগের মতোই
তোমার পুরনো খাতার পাতায়
অথবা একলা রাতে চোখের কোণে লুকিয়ে আছি।
আমি বললাম,
তাহলে কি ফিরে পাওয়া যায় সব?
সময় হেসে বলল,
ফিরে পাওয়া যায় না
কিন্তু অনুভব করা যায়
যেমন বিকেলের শেষ আলোয় রঙ মেলে সন্ধ্যা
যেমন পুরনো চিঠির কাগজে
গন্ধ লেগে থাকে আগের দিনের
যেমন একলা রাতে ভেসে আসে
কোনো হারিয়ে যাওয়া কণ্ঠের ডাক।
আমি বুঝলাম,
সময় চলে যায় না
শুধু আকার বদলায়
কখনো অতীত হয়ে যায়
কখনো ভবিষ্যতের অপেক্ষায় থাকে।
আর আমরা?
আমরা শুধু তাকে অনুভব করি
কখনো আনন্দে,
কখনো দীর্ঘশ্বাসের গভীরে।