অস্ট্রিয়ার বিপক্ষে ফেভারিট আর্জেন্টিনা, জয়ের সম্ভাবনা ৬১ শতাংশ দেখছে অপ্টা

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     22-06-2026    33
অস্ট্রিয়ার বিপক্ষে ফেভারিট আর্জেন্টিনা, জয়ের সম্ভাবনা ৬১ শতাংশ দেখছে অপ্টা

বিশ্বকাপের ‘জে’ গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটিতে আজ রাতে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ম্যাচ শুরুর আগেই সম্ভাব্য ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছে আন্তর্জাতিক ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা, আর তাদের বিশ্লেষণ বলছে— এই লড়াইয়ে স্পষ্ট ফেবারিট আর্জেন্টিনা।

অপ্টার সুপারকম্পিউটার ম্যাচটি নিয়ে প্রায় ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে যে ফলাফল দিয়েছে, তাতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের হিসাব অনুযায়ী, ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। অন্যদিকে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ। অর্থাৎ পরিসংখ্যানের বিচারে লাতিন আমেরিকার জায়ান্টদের এগিয়ে রাখছে বিশ্লেষণ।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে পুরো ফুটবল বিশ্বকে আবারও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে এখন তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান।

অস্ট্রিয়ার বিপক্ষে আজ আর একটি গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন ইতিহাস গড়বেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। শুধু তাই নয়, টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে আরও একটি বিরল রেকর্ড গড়ার সুযোগও রয়েছে তার সামনে। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফঁতেইন এবং ব্রাজিলের জর্জিনহো।

তবে প্রতিপক্ষ অস্ট্রিয়াকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই মোটেও। কোচ রাল্ফ রাংনিকের দল প্রথম ম্যাচেই জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। শুধু এই জয়ই নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা চার ম্যাচ জয়ের ধারায় রয়েছে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, নিজেদের শেষ ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় তুলে নিয়েছে ইউরোপের এই দলটি।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে আজকের ম্যাচে যে দল জিতবে, তারা নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বড় সুবিধা পাবে।

তবে সাম্প্রতিক পারফরম্যান্স, তারকাবহুল স্কোয়াড, অভিজ্ঞতা এবং পরিসংখ্যান— সবকিছু বিচার করে অপ্টার সুপারকম্পিউটার স্পষ্টভাবেই এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে।

এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা একটাই— ডালাসের রাতে কি লিওনেল মেসির পায়ে গড়বে নতুন ইতিহাস, নাকি অস্ট্রিয়া দেখাবে অঘটনের নতুন গল্প।

খেলাধুলা-এর আরও খবর