জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন আনচেলত্তি

  বিশেষ প্রতিনিধি    29-06-2026    47
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন আনচেলত্তি

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে তিনি খেলেছেন মাত্র ১৫ মিনিট, যা তার পূর্ণ ফিটনেস নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি করেছে নানা আলোচনা।

এবার নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—এই ম্যাচে কতক্ষণ মাঠে দেখা যাবে নেইমারকে?

এ বিষয়ে সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট কোনো সময়সীমা না জানালেও ইঙ্গিত দিয়েছেন, এই ম্যাচেও শুরু থেকেই একাদশে নাও দেখা যেতে পারে ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে।

আনচেলত্তি বলেন, “নেইমার দারুণভাবে নিজেকে প্রস্তুত করেছে। দুর্ভাগ্যজনকভাবে শুরু থেকে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে গত সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। আগের ম্যাচে সে মাত্র ১৫ মিনিট খেলতে পেরেছিল, কিন্তু এখন আরও বেশি সময় মাঠে থাকার জন্য প্রস্তুত।”

তবে শেষ পর্যন্ত নেইমার কতক্ষণ খেলবেন, সেটি পুরোপুরি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন ব্রাজিল কোচ।

তার ভাষায়, “সে কত সময় খেলবে, তা অনেকটাই নির্ভর করবে ম্যাচের প্রেক্ষাপট এবং খেলার পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর।”

এদিকে নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ তারকা ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুনিয়া। গ্রুপ পর্বে ভিনিসিউস করেছেন চার গোল, আর কুনিয়া তিন গোল করে দলকে নকআউট পর্বে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার নকআউট পর্বে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায়। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচে কতটা সময় মাঠে থেকে ব্রাজিলের আক্রমণভাগে প্রভাব ফেলতে পারেন নেইমার।

খেলাধুলা-এর আরও খবর