ইরানের সঙ্গে শান্তিচুক্তি কঠিন, চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক প্রতিনিধি । দেশ পত্রিকা     21-10-2026    61
ইরানের সঙ্গে শান্তিচুক্তি কঠিন, চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান।

বুধবার (২১ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে রুবিও ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেন। বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা বন্ধ করতে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলেও জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। একই সঙ্গে পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। ফলে সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও হরমুজ প্রণালি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মতপার্থক্য রয়ে গেছে। এসব বিষয়ে সমঝোতা না হলে সংঘাত নিরসনে অগ্রগতি কঠিন হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক-এর আরও খবর