শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব ভারতের: বিবিসি

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     16-11-2026    66
শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব ভারতের: বিবিসি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে দুটি শর্তের আভাস দিয়েছে নয়াদিল্লি। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া এবং দেশে ফেরার পর আপিল ও নতুন করে বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে চায় ভারত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারতের নতুন অবস্থানের কথা উঠে এসেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, তাঁকে ফেরানোর ক্ষেত্রে দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাঁর দেশে ফেরার প্রক্রিয়ার দায়িত্ব নিতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে।

সামরিক বিমানে ফেরানোর প্রস্তাব

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। এবার তাঁকে একইভাবে সামরিক বিমানে ফিরিয়ে নিতে চায় ভারত। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিমান পাঠাতে হতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থান থেকেও বাংলাদেশি সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন। দেশে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপিল ও নতুন বিচারের সুযোগ চায় ভারত

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে চায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারত তাঁকে জেনেশুনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দিতে চায় না। বরং নতুন করে ন্যায়বিচারের সুযোগ নিশ্চিত করার পক্ষে দেশটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক, এমনটাই চায় ভারত। তবে এসব বিষয় ভারতের আনুষ্ঠানিকভাবে ঘোষিত শর্ত নয়; বিবিসির প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে এগুলো উঠে এসেছে।

শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে অস্বস্তিতে নয়াদিল্লি

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের দায়ে দণ্ডিত সাবেক একজন নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলেও সমালোচনার মুখে পড়েছে ভারত। প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় নীতিনির্ধারকেরা প্রথমে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগও করা হয়। তবে সেই উদ্যোগ সফল হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই তাঁর প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করছেন ভারতীয় কর্মকর্তারা।

দুই দেশের সামরিক পর্যায়ে যোগাযোগের প্রসঙ্গ

বিবিসি বাংলার দাবি, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক হয়েছিল। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এর আগে প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে। এই সামরিক যোগাযোগ শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত বলে বিবিসির প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে ভারতের কর্মকর্তাদের মধ্যে সংশয় রয়েছে। তাঁদের ধারণা, জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশের বর্তমান সরকার তাঁকে এখনই ফেরাতে চাইবে কি না, তা অনিশ্চিত। তাঁর প্রত্যাবর্তন দেশে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। নয়াদিল্লির সাউথ ব্লকের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন—এটি জেনেও তাঁর ফেরার ঘোষণায় ভারত সম্মতি দিয়েছে। ওই কর্মকর্তার ভাষ্য, এতে অন্তত বলা যাবে যে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ তাঁকে ফিরতে দেয়নি।

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরে ২০২৫ সালের নভেম্বরে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।

চলতি বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর এ ঘোষণায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছেন। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে না পারলেও ভারতে তাঁর অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির হাতে নতুন যুক্তি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আন্তর্জাতিক-এর আরও খবর