গ্রিনকার্ড লটারির নামে প্রতারণা, আবেদনকারীদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     12-11-2026    40
গ্রিনকার্ড লটারির নামে প্রতারণা, আবেদনকারীদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ডিভি লটারিতে নির্বাচিত হওয়ার ভুয়া খবর দিয়ে টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারকরা। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে আবেদনকারীদের পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিনকার্ড লটারির নামে প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। লটারিতে নির্বাচিত হওয়ার ভুয়া খবর দিয়ে আবেদনকারীদের কাছ থেকে টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারকরা। সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ইমেইল ও চিঠির মাধ্যমেও তাঁদের ফাঁদে ফেলা হচ্ছে।

পররাষ্ট্র দপ্তরের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, ডিভি লটারির আবেদনকারীদের কাছে ভুয়া ইমেইল ও চিঠি পাঠিয়ে প্রতারকেরা নিজেদের মার্কিন সরকারের প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছে। এসব বার্তায় লটারিতে নির্বাচিত হওয়ার খবর বা ভিসা পাওয়ার সুযোগের কথা বলে অর্থ দাবি করা হচ্ছে।

পররাষ্ট্র দপ্তর স্পষ্ট জানিয়েছে, ডিভি লটারিতে নির্বাচিত হওয়ার খবর কাউকে সরাসরি ইমেইল বা চিঠির মাধ্যমে জানানো হয় না। আবেদনকারী নির্বাচিত হয়েছেন কি না, তা জানতে হলে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজের আবেদনের তথ্য যাচাই করতে হবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে লটারিতে জেতার নিশ্চয়তা দিতে পারে না। টাকা দিলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়বে—এমন দাবিও প্রতারণার অংশ। কোনো পরামর্শদাতা বা প্রতিষ্ঠান আবেদনপ্রক্রিয়ায় সহায়তা করলেও নির্বাচিত হওয়ার সুযোগ বাড়াতে পারে না।

আবেদনকারীদের নিজস্ব ইমেইল ঠিকানা ব্যবহার এবং আবেদন জমা দেওয়ার পর পাওয়া নিশ্চিতকরণ নম্বর (কনফার্মেশন নম্বর) নিরাপদে সংরক্ষণের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। অন্য কারও সহায়তায় আবেদন করলেও নিজের নিশ্চিতকরণ নম্বরটি সংগ্রহে রাখতে হবে। কারণ পরবর্তী সময়ে এই নম্বর ব্যবহার করেই আবেদনের ফলাফল জানা যাবে।

ভুয়া ওয়েবসাইট শনাক্ত করার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের সরকারি ওয়েবসাইটের ঠিকানা সাধারণত ‘.gov’ দিয়ে শেষ হয়। তাই কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য বা অর্থ দেওয়ার আগে সেটির ঠিকানা ও সরকারি পরিচয় যাচাই করা জরুরি।

ডিভি লটারির ফলাফল ও আবেদনসংক্রান্ত তথ্য জানতে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত সরকারি ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। প্রতারকদের ফাঁদে পড়ে অর্থ ও ব্যক্তিগত তথ্য হারানো এড়াতে আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর