শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে তথ্য দিতে পারবে বাংলাদেশ হাইকমিশন: জয়সোয়াল

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     10-11-2026    1
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে তথ্য দিতে পারবে বাংলাদেশ হাইকমিশন: জয়সোয়াল

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনকে আইনি ও বিচার বিভাগীয় বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বিষয়টি আইন ও বিচার বিভাগের প্রক্রিয়া অনুযায়ী এগিয়ে নেওয়া হবে। অন্যদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সোয়াল।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা।

সংবাদ সম্মেলনের শুরুতে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন, তবে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। একজন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা রয়েছে কি না, কিংবা ঢাকা বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করবে কি না—তা জানতে চান তিনি। দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় কনস্যুলার পরিষেবাবিষয়ক বৈঠকেও বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, সে প্রশ্নও করেন ওই সাংবাদিক।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুর প্রকৃত পরিস্থিতি কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’

শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সর্বশেষ আলোচনা সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’

এরপর আরেক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে জয়সোয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে।

ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, সে প্রশ্নও করেন সাংবাদিকেরা। কোনো ব্যক্তিকে নিজ দেশে প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক কি না, জানতে চাইলে জয়সোয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি প্রশ্ন। মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের অভিযোগ

এদিনের সংবাদ সম্মেলনে ঢাকায় ধারণ করা ভিডিও ও ছবিকে দিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে চীনের সঙ্গে কূটনৈতিক মাধ্যমে যোগাযোগ করা হয়েছে কি না, নয়াদিল্লিতে চীনা দূতাবাস কিংবা বেইজিংয়ে ভারতীয় দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা।

জবাবে জয়সোয়াল বলেন, গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন দেখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো দেশের বিষয়ে এ ধরনের বিকৃত বা বিভ্রান্তিকর ছবি ও তথ্য প্রচার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছেন বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান তিনি।

চীনের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করা হয়েছে কি না, জানতে চাইলে জয়সোয়াল বলেন, বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে ভারতের নিয়মিত আলোচনা হয়। এসব আলোচনার মধ্য দিয়ে নিজেদের উদ্বেগের বিষয়গুলোও তুলে ধরা হয়। বাংলাদেশে ধারণ করা ভিডিওতে ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের বিষয়টি দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়া।

গঙ্গার পানি চুক্তি ও তারেক রহমানের দিল্লি সফর

সংবাদ সম্মেলনে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়েও প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে আগের সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন। এ মুহূর্তে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। এ বিষয়ে আগের বক্তব্য অনুসরণের পরামর্শ দেন তিনি।

এ ছাড়া আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানান জয়সোয়াল। তিনি বলেন, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে জানানো হবে।

আন্তর্জাতিক-এর আরও খবর