বিশালাকার স্বর্ণের ঝুমকা বানিয়ে আমিরাতের বিশ্ব রেকর্ড

  বিশেষ প্রতিনিধি    25-10-2026    103
বিশালাকার স্বর্ণের ঝুমকা বানিয়ে আমিরাতের বিশ্ব রেকর্ড

দুবাইয়ে বিশালাকার এক জোড়া স্বর্ণের ঝুমকা তৈরি করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত। ২২ ক্যারেট সোনায় তৈরি ঝুমকা জোড়াটি বিশ্বের সবচেয়ে ভারী ও সবচেয়ে বড় স্বর্ণের কানের দুল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

‘ময়ূরা সহস্র’ নামের এই ঝুমকা জোড়া তৈরি করেছে অলঙ্কার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জয়ালুকাস জুয়েলারি। সংস্কৃত শব্দ ‘ময়ূরা সহস্র’-এর অর্থ ‘হাজার ময়ূর’। সূক্ষ্ম কারুকাজে তৈরি অলঙ্কার দুটির মোট ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি।

জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচন

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ‘জুয়েল অব জয়’ শোরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ঝুমকা দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি।

অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন প্রতিনিধি জয়ালুকাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় অলুকাস ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন পল অলুকাসের হাতে স্বীকৃতির সনদ তুলে দেন। এ সময় ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এবং দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

দুবাই বিশ্বজুড়ে ‘সিটি অব গোল্ড’ বা ‘স্বর্ণের শহর’ হিসেবে পরিচিত। নতুন এই অর্জন স্বর্ণালংকারের আন্তর্জাতিক বাজারে শহরটির পরিচিতিকে আরও সমৃদ্ধ করেছে।

সূত্র: গালফ নিউজ

আন্তর্জাতিক-এর আরও খবর