আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরে হবে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     22-06-2026    37
আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরে হবে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের পরপরই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে দুই দেশের গুরুত্বপূর্ণ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় দুই সরকারপ্রধান এই একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

দুই নেতার একান্ত বৈঠক শেষে শুরু হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। এতে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দুই প্রধানমন্ত্রী।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথভাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং বৈঠকের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরবেন।

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।

এ সময় মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে মালয় ও বাংলা— দুই ভাষাতেই গান পরিবেশন করা হবে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: বাসস

আন্তর্জাতিক-এর আরও খবর