কলকাতায় জয়ার সেরা সিনেমা

  বিশেষ প্রতিনিধি    16-09-2026    10
কলকাতায় জয়ার সেরা সিনেমা

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও সাফল্য পেলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে তার অভিনীত বাংলাদেশের সিনেমা ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। উৎসবের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে সিনেমাটি অর্জন করেছে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসান। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য যেমন আনন্দের, তেমনি “জয়া আর শারমিন” ছবির পুরো দলের জন্যও বিশেষ অর্জন। এই পুরস্কার শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও আনন্দ ও গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে লকডাউনের মতো একটি সীমাবদ্ধ সময় এবং দুই নারীর সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি কলকাতার দর্শক, সমালোচক ও চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কাছ থেকে যে সাড়া পেয়েছে, সেটিও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। ছয় দিনের এই আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘জয়া আর শারমিন’-এর নাম ঘোষণা করা হয়।

উৎসবে বাংলাদেশের আরেকটি চলচ্চিত্রও সম্মাননা পেয়েছে। মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।

চলচ্চিত্রটির এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের অভিনয়জীবনে যুক্ত হলো আরও একটি উল্লেখযোগ্য সাফল্য।

মহামারির সময়কার লকডাউনকে পটভূমি করে নির্মিত ‘জয়া আর শারমিন’ ৮৬ মিনিটের একটি বাংলা ভাষার মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের গুণী অভিনেত্রী মহসিনা আক্তার।

একই ছাদের নিচে দীর্ঘ সময় আটকে থাকা দুই নারীর সম্পর্কের পরিবর্তন, নিঃসঙ্গতা, পারস্পরিক মানসিক নির্ভরতা এবং শ্রেণি ও ক্ষমতার ব্যবধানকে কেন্দ্র করে এগিয়েছে চলচ্চিত্রটির গল্প।

গল্পে দেখা যায়, একটি বাড়িতে আটকে পড়া জয়া ও শারমিন নিজেদের জন্য তৈরি করে নেন ছোট্ট এক জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতার প্রভাবে ধীরে ধীরে ফিকে হতে থাকে সেই জগৎ। তৈরি হয় তাদের সম্পর্কের মধ্যে ফাটল। বন্ধুত্ব, ভয়, সাহস ও হারানোর অনুভূতির মধ্য দিয়ে এগিয়ে যায় ‘জয়া আর শারমিন’-এর গল্প।

আন্তর্জাতিক-এর আরও খবর