‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ, জানালেন ভালোবাসার বার্তা

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     28-06-2026    85
‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ, জানালেন ভালোবাসার বার্তা

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২০২৬ বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও বাংলাদেশি সমর্থকদের স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ও জর্ডান-এর ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মার্টিনেজ। সাক্ষাৎকার শেষ করে চলে যাওয়ার মুহূর্তে একজন সাংবাদিক নিজেকে বাংলাদেশ থেকে এসেছেন বলে পরিচয় দিলে হঠাৎ থেমে যান আর্জেন্টাইন এই তারকা গোলরক্ষক। এরপর ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতি নিজের আবেগময় অনুভূতির কথা প্রকাশ করেন।

জানা গেছে, ওই সাংবাদিক ছিলেন দৈনিক আজকের পত্রিকা–এর হেড অব স্পোর্টস রানা আব্বাস। মিক্সড জোনেই তিনি এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের সুযোগ পান। সেখানেই বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতির কথা জানান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

মার্টিনেজ বলেন, “ওহ, বাংলাদেশ! আমি বাংলাদেশকে অনেক পছন্দ করি। আমি বাংলাদেশের ভক্তদের ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম এবং সত্যিই দেশটিকে অনেক ভালোবেসেছি।”

বাংলাদেশের কোটি ফুটবল সমর্থক এবারও আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়—এমন কথা শুনে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান তিনি। মার্টিনেজ বলেন, “হ্যাঁ, আমি জানি। আমি জানি, আমাদের জন্য তারা কতটা পাগল। আমি তাদের সমর্থন ভালোবাসি। যেভাবে তারা আমাদের সমর্থন করে, এক অর্থে তারাও যেন একজন আর্জেন্টাইন। বিষয়টি আমার ভীষণ ভালো লাগে।”

সবশেষে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে ভালোবাসা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের জন্য অনেক অনেক ভালোবাসা।” এরপর ড্রেসিংরুমের দিকে চলে যান আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

এদিকে চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা।

এই ম্যাচে দলের তৃতীয় গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করার পাশাপাশি আরও একটি রেকর্ড নিজের নামে লেখান তিনি।

নকআউট পর্বে এখন কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা। দলটির লক্ষ্য শিরোপা ধরে রেখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়া।

বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল জনপ্রিয়তা এবং দেশটির প্রতি এমিলিয়ানো মার্টিনেজের বারবার ভালোবাসা প্রকাশ দুই দেশের ফুটবলভিত্তিক আবেগী সম্পর্ককে আরও একবার সামনে নিয়ে এলো।

আন্তর্জাতিক-এর আরও খবর