ট্রাম্পের ফোনে শাস্তি মওকুফ? ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম কোচ

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     06-07-2026    112
ট্রাম্পের ফোনে শাস্তি মওকুফ? ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম কোচ

ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া। তাঁর দাবি, এ ধরনের সিদ্ধান্ত ফুটবলের নৈতিকতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে।

গত বৃহস্পতিবার বসনিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন। ম্যাচের ৬৪তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া এই ফরোয়ার্ডের বিরুদ্ধে প্রতিযোগিতার বিধিমালার ১০.৫ অনুচ্ছেদ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। তবে শেষ ষোলোর ম্যাচের মাত্র দুই দিন আগে সেই নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বালোগুনের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফিফা বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্বকাপের শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “আমি জানতাম না, ৫ জুলাই হঠাৎ ১ এপ্রিল হয়ে গেছে! মনে হচ্ছে আজ বুঝি এপ্রিল ফুল দিবস।”

ফিফার এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও (আরবিএফএ)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিষয়টি নিয়ে সম্ভাব্য সব আইনি ও প্রশাসনিক পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে।

গার্সিয়া বলেন, “আমরা শুধু জাতীয় দল বা ফুটবল ফেডারেশনের পক্ষ নিচ্ছি না। আমরা ফুটবলের নৈতিকতা, সততা এবং সুষ্ঠু প্রতিযোগিতার স্বার্থে কথা বলছি।”

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি গোল করেছেন ফোলারিন বালোগুন। তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা। ফলে নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় শেষ ষোলোর ম্যাচে তাঁকে ফিরে পাওয়াটা কোচ মাউরিসিও পচেত্তিনোর দলের জন্য বড় স্বস্তির খবর।

ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি লিখেছেন, “সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।”

তবে বিতর্কিত এই সিদ্ধান্তে নিজেদের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া এবং গোলরক্ষক থিবো কোর্তোয়া। কোর্তোয়া বলেন, “আমাদের জন্য কিছুই বদলায়নি। যে-ই মাঠে নামুক, আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব।”

সংবাদ সম্মেলনে একই বিষয়ে একের পর এক প্রশ্ন আসতে থাকলে বিরক্তি প্রকাশ করেন গার্সিয়া। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “দয়া করে এই বিষয় নিয়ে আর সময় নষ্ট করবেন না। আমরা এখন শুধু মাঠের ফুটবল নিয়েই কথা বলতে চাই।”

২০১৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারানো এবং ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’-এর কয়েকজন খেলোয়াড়ের মধ্যে থিবো কোর্তোয়া এখনো দলে আছেন। তবে সেই দলের অধিকাংশ সদস্য অবসর নেওয়ায় এবার নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়েই এগোচ্ছে বেলজিয়াম।

কোর্তোয়া বলেন, “এটি আমাদের জন্য নতুন এক অধ্যায়। এখনো অনেকে সোনালি প্রজন্মের কথা বলেন। কিন্তু ২০২২ বিশ্বকাপ আমাদের জন্য ভালো যায়নি। আমরা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলাম। এখন দলে নতুন, তরুণ ও ক্ষুধার্ত খেলোয়াড়রা এসেছে। তারা বেলজিয়ামের ফুটবল ইতিহাসে নিজেদের জায়গা করে নিতে চায়।”

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিতের লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম মুখোমুখি হবে আগামীকাল সকাল ৬টায়। সিয়াটলে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর