কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     24-07-2026    77
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপি-র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্প-এর সদস্যরা নদীপথে সাঁতরে ৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন।

বিজিবি জানায়, সীমান্তে দায়িত্ব পালনরত টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। ফলে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

জাতীয়-এর আরও খবর