ঢাবি এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণ

  বিশেষ প্রতিনিধি    16-09-2026    10
ঢাবি এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শহিদ মিনার আবাসিক এলাকার সড়কে দুটি এবং টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে পৃথক সময়ে এসব বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টা ৪০ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল ও শহিদ মিনার আবাসিক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ উপস্থিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে বলে জানা গেছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটু আগে ককটেল ফুটিয়েছে, আমিও শব্দ শুনেছি। হলের দারোয়ান আমাকে নিশ্চিত করেছে যে ঘটনাটি হলের মূল গেটের বাইরের রাস্তায় ঘটেছে।’

বিস্ফোরণের পর হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে প্রাধ্যক্ষ বলেন, ‘শব্দ শোনার পর আমি সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দিয়েছি, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়।’

কারা এ ঘটনা ঘটিয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনাটি সড়কে ঘটেছে এবং দারোয়ানরা হলের ভেতরে থাকায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাত ১১টা ২০ মিনিটে টিএসসি থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

জাতীয়-এর আরও খবর