বরগুনায় প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  মো: মিরাজ হোসেন I বরগুনা প্রতিনিধি । দেশ পত্রিকা     08-10-2026    41
বরগুনায় প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা এলাকায় প্রাইভেট কার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুলের বাড়ি বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে। আহতদের মধ্যে বাবলু নামে একজনের পরিচয় জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজী টেলিভিশনের (জিটিভি) লোগোযুক্ত একটি প্রাইভেট কার গৌরিচন্না এলাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। পথে সোনারবাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী তাওহিদুল ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুই যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বাবলু নামে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশ-এর আরও খবর