বরগুনায় ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

  মিরাজ হোসেন I বরগুনা প্রতিনিধি I দেশ পত্রিকা    20-11-2026    55
বরগুনায় ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বরগুনায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. সফিকুল ইসলাম নাজমুল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যে বরগুনা সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সদর রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার নাজমুল বরগুনার বেতাগী উপজেলার বেতাগী পৌরসভার কিসমত করুনা এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর রোডে পৌরসভার পশ্চিম পাশে নদীবন্দরের সামনে মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উত্তর পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি বাজারের ব্যাগের ভেতরে নীল রঙের পলিপ্যাকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, অবৈধ মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর