কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আট মাস আগে কোচিং থেকে বহিষ্কৃত হয়েছিল কিশোর

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     10-11-2026    80
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আট মাস আগে কোচিং থেকে বহিষ্কৃত হয়েছিল কিশোর

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার কিশোরটি আট মাস আগে একই কোচিং সেন্টারে ওই ছাত্রীর সঙ্গে পড়ত। সেখানে তাকে উত্ত্যক্ত করার অভিযোগে ছাত্রীর পরিবার কোচিং কর্তৃপক্ষকে জানালে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। সেই ক্ষোভ থেকেই ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী ও তার পরিবার। আহত স্কুলছাত্রী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে তার ও তার মায়ের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ছাত্রীটি আপাতত শঙ্কামুক্ত।

গতকাল সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় দশম শ্রেণির ওই শিক্ষার্থী। বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এক কিশোর তার ওপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারী। তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর গতকাল রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ছাত্রীর বাবা। ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় খালার বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

কোচিং সেন্টার থেকে বের করে দেওয়ার অভিযোগ

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, স্কুলছাত্রীর হাত ও পিঠে ব্যান্ডেজ করা। তার মা জানান, চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে গেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে এসে খোঁজ নিয়েছেন। তবে ছাত্রীর বাঁ হাতের কনিষ্ঠ আঙুল নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

স্কুলছাত্রী জানায়, গত ফেব্রুয়ারিতে সে শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়। সেখানে অভিযুক্ত কিশোরও পড়ত। কয়েক দিন পর ওই কিশোর তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি সে মাকে জানালে তাঁর মা কোচিং সেন্টারের পরিচালক ও অভিযুক্ত কিশোরের পরিবারকে অবহিত করেন। পরে কোচিং সেন্টার থেকে ওই কিশোরকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না বলে জানায় ছাত্রীটি।

ছাত্রীর ধারণা, কোচিং সেন্টার থেকে বের করে দেওয়ার কারণে কিশোরটি ক্ষুব্ধ ছিল। সেই ক্ষোভ থেকেই তার ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে। তার ভাষ্য অনুযায়ী, কোচিং থেকে বের করে দেওয়ার পর ছুরিকাঘাতের আগপর্যন্ত সে ওই কিশোরকে কোথাও দেখেনি। সোমবার বাসার সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করার সময় পেছন থেকে তার চুল ধরে আঘাত করা হয়। এরপর কী ঘটেছে, তা আর মনে নেই বলে জানায় সে।

পুলিশের বক্তব্য

গ্রেপ্তারের পর কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে কিশোর জানিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল। ছাত্রীর পরিবারের বাধার কারণে তাদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। ছয় মাস আগে মেয়েটি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। সেই ক্ষোভ থেকেই সে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে কিশোরটি।

মামলার পর মঙ্গলবার বিকেলে অভিযুক্ত কিশোরকে আদালতে নেয় পুলিশ। শুনানি শেষে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। এ বিষয়ে পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারেনি ছাত্রী

মঙ্গলবার স্কুলছাত্রীর নির্বাচনী পরীক্ষার শেষ দিন ছিল। এদিন তার রসায়ন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও হাসপাতালে ভর্তি থাকায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে বিদ্যালয়ের শিক্ষকেরা তার খোঁজ নিয়েছেন এবং পরে পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে ছাত্রীটি।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া মডেল থানার সামনে মানববন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠন তরঙ্গ। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানোর দাবিও জানান সংগঠনের সদস্যরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, ভুক্তভোগীর দোষ খোঁজা হচ্ছে, যা অন্যায়। ছুরিকাঘাতকারীর অপরাধকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। প্রত্যেক অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে এ ধরনের অপরাধ আরও ঘটতে থাকবে।

সারাদেশ-এর আরও খবর