টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ফেসবুকে ভিডিও পোস্ট

  বিশেষ প্রতিনিধি । দেশ পত্রিকা     10-11-2026    31
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ফেসবুকে ভিডিও পোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। মো. সুজন মোল্লা নামে এক ছাত্রলীগ কর্মী ঘটনার ভিডিও ধারণ করে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যাংকটির শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করছেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এ টুঙ্গিপাড়াতে হবে না।’ পরে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।

গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তাঁরা সবাই বাইরে কাজ করছিলেন। দুপুরে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে এসে দেখেন, ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাই পরে ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ-এর আরও খবর