অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী

নির্বাচন বাধাগ্রস্ত ও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ এম. রশিদুজ্জামান মিল্লাতের

  জামালপুর প্রতিনিধি । দেশ পত্রিকা     16-10-2026    34
অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী

বিগত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তাঁর অভিযোগ, দেশে নির্বাচন না হওয়া এবং অস্থিরতা বজায় রাখার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়েছে।

শুক্রবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে যে ক্ষতি করেছে, তার পাশাপাশি বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে।’

দেশে অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, একটি দল, যাদের তিনি ‘বট বাহিনী’ বলে উল্লেখ করেন, তারাই এসব অপতথ্য ছড়াচ্ছে। অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বকশীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন।

আলোচনা সভা শেষে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি আর্থিক সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

সারাদেশ-এর আরও খবর