উজিরপুরে সড়কের দুই পাশের গাছ কেটে নেওয়ার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

  বরিশাল প্রতিনিধি । দেশ পত্রিকা     04-11-2026    61
উজিরপুরে সড়কের দুই পাশের গাছ কেটে নেওয়ার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

বরিশালের উজিরপুরে সানুহার-ধামুরা সড়কের প্রায় চার কিলোমিটার অংশের দুই পাশের সরকারি জায়গায় থাকা গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তাঁর নেতৃত্বে লোকজন এসব গাছ কেটে নিয়ে গেছেন। গত কয়েক দিন ধরে গাছ কাটার ঘটনা ঘটলেও এ বিষয়ে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায়। তবে অভিযোগে কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সানুহার থেকে ধামুরা পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলছে। গত ২ নভেম্বর বিকেল ৪টার দিকে কাজ পরিদর্শন শেষে কার্যালয়ে ফিরে যান উপজেলা প্রকৌশলী। পরদিন সকাল ১০টার দিকে আবার কাজ পরিদর্শনে গিয়ে সড়কের মাঝামাঝি অংশে তিন-চারটি গাছ কাটা অবস্থায় দেখতে পান। পরে সরেজমিনে সড়কের প্রায় চার কিলোমিটার অংশজুড়ে গাছ কেটে নেওয়ার বিষয়টি নজরে আসে।

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন আগে অজ্ঞাত ব্যক্তিরা সড়কের পাশের সরকারি গাছগুলোতে চিহ্ন দিয়ে যায়। এরপর দিন ও রাতে গাছ কাটা শুরু হয়। এরই মধ্যে সানুহার থেকে কচুয়া পর্যন্ত সড়কের দুই পাশের গাছ কেটে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদল নেতা জিয়া আমিন রাঢ়ীর নেতৃত্বে তাঁর লোকজন এসব গাছ কেটেছেন।

এ ঘটনায় উজিরপুরের শোলক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি জিয়া আমিন রাঢ়ীসহ কয়েকজনকে সরকারি গাছ কাটার জন্য দায়ী করেন। তবে দলীয় নেতাদের অনুরোধে পরে পোস্টটি মুছে ফেলেন বলে বুধবার দুপুরে স্বীকার করেন তিনি। পোস্ট মুছে ফেললেও গাছ কাটার ঘটনা সত্য বলে দাবি করেন ওই ছাত্রদল নেতা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীও অভিযোগ করেন, জিয়া আমিন তাঁর লোকজন দিয়ে গাছ কাটিয়েছেন এবং সেগুলো নিয়ে গেছেন। অভিযোগের বিষয়ে জানতে জিয়া আমিন রাঢ়ীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উজিরপুর উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গাছগুলো সামাজিক বনায়নের আওতাভুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ জানিয়েছেন, সাবেক এক সংসদ সদস্য স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে কয়েক বছর আগে সরকারি রাস্তার দুই পাশে গাছগুলো রোপণ করেছিলেন। তবে গাছগুলো রাস্তার পাশে সরকারি জায়গায় থাকায় এগুলো সরকারি গাছ হিসেবে বিবেচিত হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হলেও গাছগুলো কারা লাগিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সরকারি জায়গায় গাছগুলো বড় হওয়ায় সেগুলো সরকারি সম্পদ বলে মনে করেন তিনি। এ কারণে গাছ চুরির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজা বলেন, বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাদেশ-এর আরও খবর