বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান

  চট্টগ্রাম প্রতিনিধি । দেশ পত্রিকা     07-11-2026    114
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বেজে ওঠে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকে নগরের আগ্রাবাদ এলাকায়ও মাইকে গান বাজানো হচ্ছিল। একপর্যায়ে সেখানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।

মাইকে গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে গানটি বাজতে শোনা যায়। এ সময় পাশের সড়কে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে কর্মসূচির সময় অন্য একটি দলের গান বাজানোর ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল গণমাধ্যমকে বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও পুলিশের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানোর সময় একপর্যায়ে গানটি বেজে ওঠে। পরে দ্রুত সেটি বন্ধ করে দেওয়া হয়। তাঁদের দাবি, ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।

সারাদেশ-এর আরও খবর