ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পরিত্যক্ত ঘরে জুয়া, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

  বিশেষ প্রতিনিধি    16-09-2026    11
ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পরিত্যক্ত ঘরে জুয়া, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানকারী দলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপারের হাতের একটি আঙুল ভেঙে যায়।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার গ্রেফতার চার পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের হলপাড়ায় এসপি কার্যালয়ের মূল ভবনের উত্তর পাশে থাকা একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করে। জুয়ার আসর থেকে নগদ টাকা, তাস ও একাধিক স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), এএসআই শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।

এ ঘটনায় আরও দুজন পলাতক রয়েছেন। তারা হলেন পঞ্চগড় জেলা পুলিশের এএসআই মো. আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮)।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল জানান, আইনের সুশাসন প্রতিষ্ঠায় অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাদেশ-এর আরও খবর