বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ যুবলীগ-ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

  মো. মিরাজ হোসেন I জেলা প্রতিনিধি I বরগুনা জেলা । দেশ পত্রিকা     22-09-2026    74
বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ যুবলীগ-ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

বরগুনার তালতলীতে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং তালতলী উপজেলার জাকির তবক গ্রামের জয়নাল শিকদারের ছেলে মো. রাজু।

পুলিশ সূত্রে জানা যায়, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা একটি মামলায় নয়ন বেপারী এজাহারভুক্ত ২০ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘সাবেক ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

সারাদেশ-এর আরও খবর