৯৯৯-এ কল করে বিচার চাওয়ায় স্কুলছাত্রীর ৫ দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

  মো: মিরাজ হোসেন । বরগুনা জেলা । দেশ পত্রিকা     22-09-2026    91
৯৯৯-এ কল করে বিচার চাওয়ায় স্কুলছাত্রীর ৫ দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

বরগুনার বেতাগীতে শ্লীলতাহানির বিচার চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার জেরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর করে পাঁচটি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুরুতর আহত ওই ছাত্রী বর্তমানে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করে আসছিল একই এলাকার ফয়সাল মৃধা। গত ১৯ সেপ্টেম্বর রাতে টয়লেটে যাওয়ার সময় আবারও তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগীর মা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে বলে জানা গেছে।

তবে পুলিশে অভিযোগ করার ক্ষোভে গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ফয়সালের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথির আঘাতে তার তিনটি দাঁত উপড়ে যায় এবং দুটি দাঁত ভেঙে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস বলেন, ‘সালিশের সময়ই আসামি ফয়সালের মা হুমকি দিয়েছিল, পুলিশ ডাকার ফল ভোগ করতে হবে। এখন তারই বাস্তবায়ন হলো।’

এদিকে ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, ‘মর্মান্তিক এই ঘটনায় পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার নির্দেশনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সারাদেশ-এর আরও খবর