বরগুনার বেতাগীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  মো. মিরাজ হোসেন I জেলা প্রতিনিধি I বরগুনা জেলা । দেশ পত্রিকা     21-09-2026    101
বরগুনার বেতাগীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে সাদিয়া আক্তার (১৭) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের মৃত পান্নু প্যাদার মেয়ে। তিনি বেতাগী পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফিরে শরীর খারাপ লাগছে বলে জানান সাদিয়া। পরে তিনি ছোট ভাইকে নিয়ে ঘুমাতে যান। রাত ১টার দিকে ছোট ভাই ঘুম থেকে উঠে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে সোমবার সকালে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

সারাদেশ-এর আরও খবর