বরগুনার বলেশ্বরে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ বালু উত্তোলনে ২ ড্রেজারসহ আটক ৪

  মো: মিরাজ হোসেন । বরগুনা জেলা । দেশ পত্রিকা     22-09-2026    85
বরগুনার বলেশ্বরে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ বালু উত্তোলনে ২ ড্রেজারসহ আটক ৪

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিনসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত। তিনি জানান, দীর্ঘদিন ধরে বলেশ্বর নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পাথরঘাটার রূপধন গ্রামের মো. আলীর ছেলে মো. আলামিন (৩২); বরগুনার বদরখালী এলাকার ডেমা গুলিশাখালী গ্রামের আবুল কালামের ছেলে মো. সোহেল (২২); একই এলাকার মো. বাদলের ছেলে মো. আলামিন (২৬) এবং পাথরঘাটার কাকচিরা গ্রামের মো. আলীর ছেলে মো. ছগির (৩৫)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে নদীতীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ড্রেজার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর