নকল লোগো লাগিয়ে সিলিন্ডার রিফিল, দুই লাখ টাকা জরিমানা

  বিশেষ প্রতিনিধি    29-07-2025    100
নকল লোগো লাগিয়ে সিলিন্ডার রিফিল, দুই লাখ টাকা জরিমানা

যশোর শহরের করিম পেট্রোলিয়ামকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নকল লোগো লাগিয়ে অবৈধভাবে সিলিন্ডার রিফিল ও বিপণনের অভিযোগে সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ জরিমানা করা হয়।

শহরের কারবালা রোড এলাকায় করিম পেট্রোলিয়ামের মালিকানাধীন একটি বাড়ির সংলগ্ন গোডাউনে এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, করিম গ্রুপের পরিচালক এরশাদুল করিমের ছেলে ইসরাক করিম তার নিজ বাসার ভেতরে অবৈধভাবে সিলিন্ডার রিফিলের কাজ পরিচালনা করতেন। তিনি যানবাহনে ব্যবহৃত অতি তরল ও উচ্চদাহ্য এলপিজি বাসাবাড়ির সিলিন্ডারে রিফিল করে নাভানা, বসুন্ধরা, বেঙ্গল-দুবাইসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল লোগো ব্যবহার করে বাজারজাত করতেন।

অভিযানকালে নাভানার স্থানীয় পরিবেশক আরমান আলী টুটুল উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, গাড়ির এলপিজি এবং গৃহস্থালির সিলিন্ডারে ব্যবহৃত এলপিজির গঠনগত পার্থক্য রয়েছে। সাধারণ গ্রাহক তা বুঝতে পারেন না, যা বড় ধরনের ঝুঁকি তৈরি করে।

তিনি আরও জানান, বাজারে নাভানার ৩৩ কেজি সিলিন্ডার সরবরাহ না থাকলেও গ্রাহকদের কাছে তা দেখা যাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়, পরে অনুসন্ধানে করিম পেট্রোলিয়ামের সংশ্লিষ্টতা উঠে আসে।

অভিযানে ১৮টি অবৈধভাবে রিফিল করা সিলিন্ডার জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারায় করিম পেট্রোলিয়ামের ইসরাক করিমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

সারাদেশ-এর আরও খবর