ঐকমত্যের ভিত্তিতে যথাসময়ে জুলাই সনদ স্বাক্ষরিত হবে

  বিশেষ প্রতিনিধি    11-10-2025    104
ঐকমত্যের ভিত্তিতে যথাসময়ে জুলাই সনদ স্বাক্ষরিত হবে

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে। এ নিয়ে কোনো আশঙ্কা নেই।

শুক্রবার (১০ অক্টোবর) কুমিল্লা সদর দক্ষিণের নব শালবন বৌদ্ধবিহারে আয়োজিত ২৪তম দানোত্তম শুভ ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খালিদ হোসেন বলেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। সরকারঘোষিত তারিখে ফেয়ার, ফ্রি ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতেও সরকার নিরলসভাবে কাজ করছে।

নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা আগের ঠিকানায় ফিরে যাব। এভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। তবে নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, এই মাতৃভূমি হাজার বছরের আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে, আজকের এই আয়োজন তারই বাস্তব প্রমাণ।

অনুষ্ঠানে শালবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. খালিদ হোসেন।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক, কুমিল্লা বার্ডের সাবেক পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া, ও উদযাপন পরিষদের সভাপতি স্বপন সিংহ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর