গোপালগঞ্জে থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ সদস্য আহত

  বিশেষ প্রতিনিধি    18-11-2025    55
গোপালগঞ্জে থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন– কোটালীপাড়া থানার কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, আহতরা জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে দুষ্কৃতিকারীরা থানায় একটি ককটেল নিক্ষেপ করেছেন বলে নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্তে কাজ শুরু হয়েছে।

সারাদেশ-এর আরও খবর