খুলনায় ১১ দলের সমাবেশ

আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিতে যুব সমাজের প্রতি আহ্বান: ডা. শফিকুর রহমানের

  খুলনা প্রতিনিধি । দেশ পত্রিকা     20-06-2026    58
খুলনায় ১১ দলের সমাবেশ

খুলনাতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যুব সমাজকে দেশের স্বাধীনতা ও গণমানুষের অধিকার রক্ষায় ‘আরেকটি অনিবার্য বিপ্লবের’ জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়েতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান

শনিবার (২০ জুন) বিকেলে সার্কিট হাউজ ময়দান-এ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই আন্দোলন কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নয়; বরং দুর্নীতি, বৈষম্য, দখলদারিত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই।”

তিনি অভিযোগ করেন, জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। রাষ্ট্র সংস্কার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। প্রয়োজনে জনগণের কাছে গিয়ে দেশব্যাপী গণজাগরণ গড়ে তোলার কথাও জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দলীয়করণ বন্ধ এবং ক্ষমতার ভারসাম্যের পক্ষে মত দিলেও সরকার সেই রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে।

বিশেষ অতিথি অলি আহমদ বলেন, দেশের মানুষ বৈষম্য, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি মানবিক রাষ্ট্র চায়। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র ও দলীয় স্বার্থের কারণে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

মামুনুল হক অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করা হয়েছে এবং জনগণের দেওয়া সংস্কার ম্যান্ডেট উপেক্ষা করা হচ্ছে।

এদিকে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ, কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা। কিন্তু দুই বছর পরও সেই প্রত্যাশা পূরণ হয়নি।

নেতারা সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাষ্ট্র সংস্কার এবং দুর্নীতিবিরোধী কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে বলেন— জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর