ফেনীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৫

  বিশেষ প্রতিনিধি    10-02-2024    246
ফেনীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৫

ফেনীতে মাটিকাটার স্কেভেটর বহনকারী ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিমন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার আমিনবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন ছাগলনাইয়া পাঠান নগর ইউনিয়নের জসিমের ছেলে। আহতরা হলেন, মুন্না (১৭), রাতুল (১৮), রাকিব (২০), রাকিব (১৩) এবং শাকিল (২২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে লিমন ও তার ৫ বন্ধু একটি সিএনজি অটোরিকশাযোগে আমিনবাজারের দিকে যাচ্ছিল। সুলতানপুর বিদ্যুৎ সাব স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিকাটার স্কেভেটর বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির সামনে থাকা লিমন মারা যায়। সিএনজিতে থাকা বাকি ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করে মর্গে পাঠায়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সুজন বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে। আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও মাটিকাটা স্কেভেটর বহনকারী ট্রাক্টর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ-এর আরও খবর