গাজীপুরে দুই পোশাক কারখানার ২০০ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল

  বিশেষ প্রতিনিধি    15-11-2024    218
গাজীপুরে দুই পোশাক কারখানার ২০০ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল

গাজীপুরে চাকরিচ্যুত ২০০ পোশাক শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। কারখানা দুটি হচ্ছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাদের চাকরিতে পুনর্বহাল করে কারখানা কর্তৃপক্ষ।

এর আগে, বিভিন্ন অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল।

জানা গেছে, কারখানায় বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে গত ৯ নভেম্বর এম এম নিটওয়্যার লিমিটেড এবং মামুন নিটওয়্যার লিমিটেড ১১৩ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করে চাকরিচ্যুত করা হয়। নিয়মিত শ্রমিকরা দুইদিন শান্তিপূর্ণভাবে কাজ করার পর তারা সোমবার (১১ নভেম্বর) থেকে হঠাৎ করে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের জন্য কর্মবিরতি পালন করেন। তাদের বিক্ষোভ ও আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় আরও ৭৭ জনকে চাকরিচ্যুত করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বুধবার (১৩ নভেম্বর) সকালে ক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের এক সদস্য ও কারখানার নিরাপত্তা ইনচার্জসহ বেশ কয়েকজনকে মারধর করেন। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ চাকরিচ্যুত শ্রমিকদের সার্ভিস বেনিফিট ফেরত দেওয়ার শর্তে চাকরিতে যোগদানের কথা জানায়। বৃহস্পতিবার সকাল থেকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা কাজে যোগদান করেন। তবে যারা সার্ভিস বেনিফিট ফেরত দিয়েছে শুধু তারাই চাকরিতে যোগদান করতে পারবেন। যারা সার্ভিস বেনিফিট ফেরত দেননি তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

সারাদেশ-এর আরও খবর